আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী। এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে গেলে আজ সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সময় মাঝ নদীতে আটকে আছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদীতে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে পাঁচটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি। SHARES জাতীয় বিষয়: আরিচাকাজিরহাট