হারের পর পিউমার বলকে কাঠগড়ায় দাঁড় করালেন আর্সেনাল কোচ প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে হার দেখেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড তাদের ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার বিশ্বাস, তার পরেও ফাইনালে যেতে পারবে তার দল। অবশ্য হারের পর তিনি ব্যবহৃত বল নিয়ে সমালোচনা করেছেন। ম্যাচের দুটি গোল করেছেন নিউক্যাসলের অ্যালেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডন। অথচ পুরো ম্যাচে আর্সেনাল ২৩টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৩টি। গাব্রিয়েল মার্টিনেল্লির শট গিয়ে আঘাত করেছে পোস্টে। কাই হাভার্টজ হেড করেন লক্ষ্যের অনেক বাইরে। সুযোগগুলো হাতছাড়া হওয়া নিয়ে প্রশ্ন করা হলে আর্তেতা তখন ব্যবহৃত বলকে কাঠগড়ায় দাঁড় করান, ‘আমরা অনেক গুলো শট বারের ওপর দিয়ে মেরেছি। এটা বলতে হবে, এই বলটা বাতাসে অনেক ভাসে। তবে শেষ পর্যন্ত যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে।’ লিগ কাপে ব্যবহৃত বলটি পিউমার তৈরি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাইকির বল দিয়ে খেলা হয়। সেজন্যই পার্থক্যের কথা তুলেছেন আর্তেতা, ‘এটা সম্পূর্ণ ভিন্ন। প্রিমিয়ার লিগের বল থেকে এটাতে অনেক পার্থক্য। এটা যেহেতু বেশি ভাসে, তাই এই বলটাতে অভ্যস্ত হতে হয়।’ SHARES খেলাধুলা বিষয়: ইউনাইটেড’কাঠগড়ায়