বরিশালে ২ পুকুর থেকে মানুষের শরীরের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার Edit প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ বরিশাল নগরীর কাশীপুরের পশ্চিম ইছাকাঠী এলাকার দুটি পুকুর থেকে মানবদেহের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা হত্যাকাণ্ড সংঘটিত করার পর দেহের বিভিন্ন অংশ ওই দুটি পুকুরে ফেলা হয়। এটা বরিশালের বাহিরের ঘটনা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় ৯৯৯ থেকে ফোন পেয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি খণ্ডিত পা উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এরপর ওই পুকুরসহ পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় হাত-পা এবং কলিজাসহ ৫ টুকরা উদ্ধার করে। এলাকাবাসী জানান, সকালে স্থানীয় এক ব্যাক্তি আলতাফ মিয়ার পুকুরে হাতমুখ ধুতে যায়। এসময় মানুষের পায়ের একটি অংশ দেখতে পায়। এর পরে পার্শ্ববর্তী হাতেম মীরার দিঘিতে এক কিশোর মরা মাছ মনে করে একটি বস্তু উঠালে সেখানে আরেকটি পায়ের অংশ পায়। এই ঘটনায় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সন্ধান চালিয়ে মানবদেহের কলিজা সহ মোট ৫টি টুকরা উদ্ধার করে। পুকুরে আরো খণ্ডিত অংশ থাকার আশঙ্কায় বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ডুবুরী দল পুকুরে নামানো হয়। তবে পুকুর থেকে আর কোন খণ্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ খণ্ডিত অংশের মাথার সন্ধান চালাচ্ছিল। চেহারা উদ্ধার করা সম্ভব হলে সে ক্ষেত্রে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোজ ব্যক্তির সন্ধান মিললে হত্যাকান্ডের শিকার ব্যক্তির পরিচয় সম্ভব ছিল বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন সিকদার। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুনা লায়লা জানান, মানব দেহের অংশগুলো নারী না পুরুষের তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে এটি কার। তাছাড়া গত কয়েকদিনে যেহেতু কোনো নিখোঁজ মামলা বা ডায়েরি হয়নি, তাই ধারণা করা হচ্ছে এটি নগরীর বাইরের ঘটনা। তবে পরিচয় উদ্ধার ও রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। SHARES জাতীয় বিষয়: টুকরাপায়েরমানুষের