গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) তাকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক নাজমুল আলম। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: করপোরেশনেরসিটি