ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণকাজের অনিয়মের অভিযোগে সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ারের নেতৃত্বে দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল সিটি করপোরেশন কার্যালয়ে অভিযান চালায়।

পরে প্রকল্পটির তিনটি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ যাচাই-বাছাই করেন কর্মকর্তারা। এ দিন নগরীর বাঘমারা ও ব্রাহ্মপল্লী এলাকার আরও দুই প্যাকেজের উন্নয়ন কাজ তদন্ত করবে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।

দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন জানান, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়নের প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ এই তিনটি প্রকল্পের দুই কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে এ বিষয়ে আরও তদন্ত শেষে জানানো হবে বলেও জানান তিনি।

২০১৮ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর ২০২০ সালের ৭ ডিসেম্বর সরকার উন্নয়ন প্রকল্পে এক হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। সিটি করপোরেশন গঠনের দীর্ঘ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নগরবাসীর।