গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ঢাকার সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সাভারের হেমায়েতপুর নালিয়াশুর এলাকায় নোয়াব আলীর একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জিসান (২০), সোলেমান (১৮), শিল্পী (৪০), সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) ও সুজাত মোল্লা (২৭)। তারা সবাই আত্মীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতদের প্রতিবেশী মো. আকাশ জানিয়েছেন, সন্ধ্যায় অতিথিদের বিদায় দিতে বাহিরে যান বাড়ির মালিকের পরিবারের কয়েকজন সদস্য। এসময় তালাবদ্ধ রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ আসায় পরিবারের অন্য সদস্যরা সেটি খুলতে যান এবং চাবি খুঁজে না পেয়ে তালা ভাঙার চেষ্টা করেন। তালা ভাঙার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করতেই বিস্ফোরণ ঘটে। এতে রুমের আশেপাশে থাকা ৭ জন দগ্ধ হন। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ ৭ জনকে পেয়েছি। তাদেরকে হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরে ৫-১৫% দগ্ধ হয়েছে।”