তারাবি-সাহরিতে পবিত্র রমজান মাস স্বাগত জানাল মুসলিম বিশ্ব

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটিতে শনিবার শুরুর ঘোষণা দেন।

আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়াও শনিবার থেকে রমজান শুরু ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ,অধিকৃত পশ্চিম তীরেও রমজান শুরু হয়েছে সৌদি আরবের সঙ্গে একই দিনে। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার রোজা শুরু করেছেন।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মরক্কোসহ বেশ কয়েকটি দেশে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে রোববার থেকে রমজান শুরু হয়েছে। আজ দেশগুলোতে রমজানের প্রথম দিন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান শুরু হয়েছে। মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

রমজান মাসের রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। রমজান মাসে পুরো ৩০ দিন দিনের বেলা পানাহার, ধূমপান, যৌনতা থেকে বিরত থাকেন মুসলমানরা। রমজানে তারা নেক আমল এবং বেশি বেশি দান-সদকা করেন।

দক্ষিণ গাজার খান ইউনিসে রমজান মাস উদযাপনের জন্য ধ্বংস্তূপে চাপা পড়া ঘরবাড়ি সজ্জিত করছেন ফিলিস্তিনিরা।