এবার লঘুচাপের আশঙ্কা, সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির আশঙ্কার মধ্যে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চলমান তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর ফলে সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস সতর্ক করে জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তার পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, এরপর আবারও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর আরও দুদিন দেশের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।