ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, আঘাত হানতে পারে কাল

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এটি আরো প্রবল আকার ধারণ করে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় অর্ণব অবস্থান করছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আগামীকাল বুধবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে এটি আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সারা দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আগামীকাল সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।