দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। ইতোমধ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ। দিনের আলোতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল হলেও তাদের কাছে এখনো পৌঁছায়নি তথ্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তারা যে বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য আমাদের কাছে ছিল না। এছাড়া জায়গাটি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে মিছিল করে চলে যায়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।