ইয়াবা-অস্ত্রসহ আটক করে যুবদলকে নেতাকে পুলিশে দিলো এলাকাবাসী

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

ফেনীতে ইয়াবা-অস্ত্রসহ রমজান আলী (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও একটি লাইটার পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আটক রমজান আলী চোছনা গ্রামের জমিদার বাড়ির অলি আহমদের ছেলে। তিনি শর্শদী ইউনিয়ন যুবদলের সমন্বয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

এলাকাবাসীর অভিযোগ, গণঅভ্যুত্থানের আগে রমজান আলী পার্শ্ববর্তী একটি কারখানায় স্বল্প বেতনে চাকরি করতেন। ৫ আগস্টের পর চাকরি ছেড়ে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন। কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে মাদকসহ আটক করলেও অজ্ঞাত কারণে থানায় নেওয়ার আগেই তিনি ছাড়া পেয়ে যেতেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, রমজান আলীর টমটমের ব্যবসা রয়েছে। ওই ব্যবসার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভ ছিল। পরে শনিবার রাতে তার স্ত্রীর অনুরোধে স্থানীয় লোকজন বাড়িতে তল্লাশি চালান। এ সময় ইয়াবা ও একটি লাইটার পিস্তল পাওয়া গেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শর্শদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরোয়ার আলম ভুঁইয়া বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তার কারণে এলাকায় দলের বদনাম হচ্ছে। আমি উপস্থিত থেকে গতকাল তার ঘরে অভিযান চালিয়ে মাদক পেয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি।

ফেনী মডেল থানার এএসআই ফখর উদ্দিন রমজান আলীকে থানায় নিয়ে আসার কথা নিশ্চিত করলেও কতটি ইয়াবা উদ্ধার হয়েছে, তা নিশ্চিত করতে রাজি হননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।