‘আমরা পৃথিবীর রাজা নই’, ভিসা বিতর্কে ফিফা সভাপতি

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

বিশ্বকাপ শুরুর আগে খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ পরিচালকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে দেখা দেওয়া ভিসা-সংক্রান্ত উদ্বেগের মধ্যে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার স্পষ্ট বক্তব্য, কারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিফার নয়।

মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, ফিফা একটি ক্রীড়া সংস্থা হিসেবে সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজতে কাজ করে, তবে কোনো দেশের সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের নেই।

তার ভাষায়, “আমরা সব সময় সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু এটাও বুঝতে হবে, আমরা এমন কেউ নই যারা সরকার বা পুলিশ বাহিনীকে নির্দেশ দিতে পারি। আমরা একটি ক্রীড়া সংস্থা, আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি। আমরা পৃথিবীর রানা নই। ”

সম্প্রতি সোমালিয়ার ম্যাচ কর্মকর্তা ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইস্তাম্বুল থেকে মিয়ামিতে পৌঁছানোর পর ওমর আরতানকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

ইনফান্তিনো বলেন, এমন পরিস্থিতিতে কখনো কখনো উত্তেজনা না বাড়িয়ে ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করাই ভালো। তার মতে, শুরুতেই উচ্চস্বরে প্রতিবাদ করলে অনেক সময় সমাধান আরও কঠিন হয়ে যায়।

এদিকে ইরানের দলকে ঘিরেও আলোচনা চলছে। দেশটি তাদের অনুশীলন ঘাঁটি মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে গিয়ে আবার মেক্সিকোতেই ফিরে আসবে। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ফিফা কোনোভাবেই নিষ্ক্রিয় নয়। বরং পর্দার আড়ালে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি বলেন, “আমি নিষ্ক্রিয় থাকার কথা বলিনি। আমরা নীরবে কাজ করছি, পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। কিছু তথ্য আমাদের জানানো হয়, কিছু হয় না। তবু আমরা সব সময় ইতিবাচক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি।”

ইরানকে যুক্তরাষ্ট্রে খেলতে আনার বিষয়টিকে সফলতা হিসেবে উল্লেখ করে ইনফান্তিনো বলেন, “এটি সম্ভব হয়েছে। কে আর এটি করতে পারত, আমি জানি না। আমরা বাস্তব পৃথিবীতেই বাস করি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করি।”

টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে চলমান তদন্ত নিয়েও কথা বলেছেন ফিফা সভাপতি। অভিযোগ উঠেছে, টিকিটের মূল্য নিয়ে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে। তবে ফিফার দাবি, ঘোষিত টিকিটগুলোর গড় বিক্রয়মূল্য ছিল ৫০০ ডলারেরও কম।

ইনফান্তিনোর তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর ম্যাচগুলোর জন্য বিক্রি হওয়া আট লাখ টিকিটের বিপরীতে মাত্র চারটি অভিযোগ জমা পড়েছে। তিনি জানান, তদন্ত শুরুর আগেই এসব অভিযোগের নিষ্পত্তি করা হয়েছিল।

ফিফা এসব তদন্তকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমরা সব তথ্য উপস্থাপন করব এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে অর্থ আয় করি, তা আবার ফুটবলের উন্নয়নেই ব্যয় করা হয়।”