‘প্রেস’ লেখা মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেফতার ১

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার নুরুল আলম প্রকাশ মুজাহিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

এর আগে গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন সংলগ্ন সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সৌদি থেকে ফিরেই যাবেন ঠাকুরগাঁও, নির্বাচনের মাঠে থাকবেন হিরো আলম

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। পরে আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় মোটরসাইকেলটির সামনের শেডে একটি জাতীয় ইংরেজি পত্রিকার নামসহ ‘প্রেস’ লেখা স্টিকার দেখতে পান র‌্যাব সদস্যরা। মোটরসাইকেলটি তল্লাশি করে হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

লোডশেডিংয়ে বাড়ছে জেনারেটরের ব্যবহার, বিপদ এড়াতে মানতে হবে যেসব সতর্কতা

র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার মুজাহিদ, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।