সোনালি সেই শৈশব-দিন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

অদেখা চিঠি
সিবগাতুর রহমান

হৃদয়-খাতায় মন-কলমে
লিখেছি এক চিঠি,
পড়তে পারবে ঠিক যখন
খুলবে হৃদয়-দিঠি।

বিজ্ঞাপন

সোনালি সেই শৈশব-দিন,
যৌবনের উন্মাদ—
ওই চিঠিতে আঁকা আছে
হারানো সেই স্বাদ।

জীবন-নদীর উজান-ভাটি,
সুখ-দুঃখ ও ব্যথা,
সেই চিঠিতে লেখা আছে
জমানো সব কথা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কত কাহিনি, কত-না গল্প
আনন্দ-বেদনার,
দেখবে সেই চিঠির বুকে
রয়েছে বেশুমার।

স্বপ্ন-বোনা আশার আলো,
নিরাশার আঁধার—
স্মৃতির পাতায় যতন করে
লিখেছি বারবার।

ছত্রে-ছত্রে, পাতায়-পাতায়
রয়েছে হাসি-কান্না,
সেই চিঠিটা খামেই বন্দি,
খোঁজে নিজ ঠিকানা!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পড়বে যদি সেই চিঠিটা,
ডুব দাও এই অন্তরে—
জীবনের সব গল্প সেথায়
সাজানো থরে-থরে।