ঋতুপর্ণাদের ফিরিয়েও প্রথমার্ধে ২ গোল হজম বাংলাদেশের

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর একাদশে পরিবর্তন আনে কোচ পিটার বাটলার। আগের ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয় ৬ জনকে। ফেরানো হয় ঋতুপর্ণা চাকমাদের। এরপরও বাংলাদেশের মেয়েরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষ করেছে ২-০ গোলে পিছিয়ে থেকে।

জাপানের ওসাকার ইয়ামার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলায় ২ গোল হজম করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথমার্ধের ৭৯ শতাংশ বলই নিজেদের দখলে রাখে দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ৫টি শট নিয়ে ৪টিই রাখে লক্ষ্যে। সেখানে থেকে দুটি গোল হয়। অন্যদিকে মাত্র একটি শট নেয় মারিয়া মান্দারা। সেটিও রাখতে পারেনি লক্ষ্যে।

১৬ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। গোল করেন কিম মিন-জি।

প্রথমার্ধের শেষদিকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেয়ং ডা-বিন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা।

অভিজ্ঞ ফুটবলারদের ফেরানোয় জয়ের আশায় ছিলেন সমর্থকরা। এখনও ম্যাচ শেষ হয়ে যায়নি। দুই গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার লক্ষ্যটা এখনও আছে বাংলাদেশ দলের।