মেসির হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেকহ্যাম

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
এবারের ব্যালন ডি’অর লিওনেল মেসিরই জেতা উচিত বলে মনে করেন ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সকে অসাধারণ উল্লেখ করে এমন মন্তব্য করেছেন তিনি।

 

এখন পর্যন্ত আটবার বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জেতা মেসি ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। বুধবার ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে নিজের ১০০তম গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন এই তারকা।

একই ম্যাচে ক্যাসেমিরোর করা দ্বিতীয় গোলে সহায়তাও করেছেন তিনি। 

ম্যাচটি ছিল কাম্পেওনেস কাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কাপজয়ী দল।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কাম্পেওনেস কাপ জিতেছে ইন্টার মায়ামি। 

মেসির পারফরম্যান্স নিয়ে বেকহ্যাম বলেন, ‘আপনি যখন তাকে এভাবে খেলতে দেখবেন, বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখবেন, তখন বুঝবেন ৩৯ বছর বয়সে আর কেউ এমনটা করছে না, এমন পর্যায়ে তো নয়ই।

ব্যালন ডি’অরের জন্য তাকে বিবেচনা করা উচিত। আমার মতে, তারই এটি জেতা উচিত।’ 

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসি করেছিলেন আট গোল, সঙ্গে ছিল চারটি অ্যাসিস্ট। ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা ১২। এর মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে। বিশ্বকাপে রেকর্ডভুক্ত আর কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্ট আটটির বেশি নেই।

বিশ্বকাপের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকেও দ্বিতীয় স্থানে আছেন মেসি। তার গোল ২১টি। ২২ গোল নিয়ে শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন

মেসির মুকুটে আরেক ট্রফি, ক্যারিয়ারে ৪৯ শিরোপা

মেসির মুকুটে আরেক ট্রফি, ক্যারিয়ারে ৪৯ শিরোপা

 

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা

২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় ইংল্যান্ডের তিন খেলোয়াড় আছেন। বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও আর্সেনালের ডেকলান রাইস জায়গা পেয়েছেন তালিকায়।

বিশ্বকাপজয়ী স্পেনের ছয় খেলোয়াড়ও আছেন মনোনয়ন তালিকায়। তাদের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড ফেরান তোরেসও আছেন ৩০ জনের তালিকায়। গ্রীষ্মে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন তিনি।

টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির নয়জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। নতুন যোগ দেওয়া তোরেসকে বাদ দিলে এই তালিকায় আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র এবং আর্সেনালের গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবাও আছেন মনোনীতদের তালিকায়।

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের উদ্যোগে শুরু হওয়া ব্যালন ডি’অর এবার ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।

আরও পড়ুন

ম্যাচ শেষে এমএলএস কমিশনারকে আঙুল তুলে শাসালেন মেসি

ম্যাচ শেষে এমএলএস কমিশনারকে আঙুল তুলে শাসালেন মেসি

 

মায়ামির হয়ে মেসির শততম গোল

বুধবার কাম্পেওনেস কাপের ম্যাচে ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে হেড করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। পরে গোলের সুযোগ তৈরি করে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

তবে ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকেই ক্যাসেমিরো হেডে মায়ামির দ্বিতীয় গোল করেন। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের ওই গোলেই প্রথমবার ক্যাম্পেওনেস কাপ জেতে মায়ামি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দেওয়ার পর এবং বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথা জানানোর কয়েক সপ্তাহের মধ্যেই এমন পারফরম্যান্স উপহার দিলেন মেসি।

ম্যাচ শেষে কাসেমিরো বলেন, ‘আমাদের এটি উপভোগ করতে হবে, কারণ আমরা জানি না আর কতদিন এমনটা দেখতে পাব। ফুটবলের জন্য সে যা করেছে এবং করে চলেছে, তা অবিশ্বাস্য। সে এখনো সেরা। বিশ্বকাপে সে তা প্রমাণ করেছে, এমএলএসেও করে চলেছে।’

  • এমএইচএম