এআই জার পদে নিয়োগ, ‘উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন’ ব্যক্তিদের চায় ট্রাম্প

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেস ফোর্সের আদলে সামরিক কাঠামোর একটি নতুন ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে এ উদ্যোগ তদারকির জন্য শিগগিরই একজন নতুন ‘এআই জার’ নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এখানে একটু বলে রাখি এআই জার (AI Czar) হলো একটি এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম বা অ্যাপ, যা ব্যবহারকারীদের নিজেদের পছন্দমতো চরিত্র ও ইন্টারেক্টিভ গল্প বা শো তৈরি করার সুযোগ দেয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকির আশঙ্কাকে ‘ভিত্তিহীন প্রচারণা’ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে এআই খাতে ‘খারাপ’ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইনি ব্যবস্থার আওতায় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন

এআইয়ের ক্ষমতা যত বাড়ছে, ততই উদ্বেগ বাড়াচ্ছে মানুষের নিরাপত্তা ঝুঁকি

ট্রাম্প বলেন, ‘নতুন উদ্যোগের মাধ্যমে এআই শিল্পের বিকাশ কোনোভাবেই বাধাগ্রস্ত বা নিয়ন্ত্রণ করা হবে না। বরং সরকার এ খাতকে সহযোগিতা ও তদারকির মাধ্যমে এগিয়ে নিতে চায়।’ এআই জার পদে আবেদনকারীদের ক্ষেত্রে ‘উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন’ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন ট্রাম্প। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আরও ইতিবাচক নাম ব্যবহারের বিষয়েও তিনি কয়েকটি নাম প্রস্তাব করেছেন।

স্পেস ফোর্সের আদলে কাঠামো

ট্রাম্পের ঘোষণায় স্পেস ফোর্সের সঙ্গে তুলনাটি তাৎপর্যপূর্ণ। কারণ স্পেস ফোর্স প্রচলিত যুদ্ধ বাহিনীর মতো সরাসরি যুদ্ধ পরিচালনার পরিবর্তে স্যাটেলাইট কার্যক্রম, ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং মহাকাশভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সমন্বয় ও পরিচালনায় বেশি গুরুত্ব দেয়। ফলে নতুন এআই ফোর্সও যদি একই ধরনের কাঠামো অনুসরণ করে, তাহলে এটি আলাদা কোনো নতুন যুদ্ধবাহিনী হিসেবে কাজ করার পরিবর্তে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন এআই কার্যক্রমকে একটি কাঠামোর অধীনে সমন্বয় করার দায়িত্ব পেতে পারে।

এআই নিয়ে সামরিক ক্ষেত্রে উদ্বেগ

ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রতিরক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় বহু মানুষের মৃত্যুর ঘটনায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা কোনো ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখছে পেন্টাগনের তদন্তকারীরা।

আরও পড়ুন

বৃষ্টির পানি ফোনের চার্জিং পোর্টে ঢুকলে তাৎক্ষণিক যা করবেন

এরপর সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর এক বিশ্লেষকের এআই-নির্ভর তৈরি প্রতিবেদনে ভুলভাবে দাবি করা হয়েছিল, একটি চীনা জাহাজ পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান বহন করছে। ওই তথ্যের ভিত্তিতে মার্কিন সেনারা জাহাজটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে কর্মকর্তারা জানতে পারেন, তথ্যটি একটি এআই চ্যাটবটের তৈরি এবং অভিযানটি শেষ মুহূর্তে বন্ধ করা হয়।

সিএনএনের কাছে একটি সূত্র ওই ভুল এআই-নির্ভর তথ্যকে এমন ঘটনা হিসেবে বর্ণনা করে, যা চীনের সঙ্গে ‘প্রায় যুদ্ধ বাধিয়ে দিয়েছিল’। এদিকে ট্রাম্পের নতুন ঘোষণায় এআই জারের পদটি দীর্ঘদিনের শূন্যতা পূরণ করতে পারে। এর আগে ডেভিড স্যাকস ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টোকারেন্সি জার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্চে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।