বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পাওয়া সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আজ ২৯ অক্টোবর তার জন্মদিন।

 

১৯৪১ সালের এদিনে পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তার বাবা মৌলবি আবদুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তাদের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে।

ঢাকা কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণি শেষ করে তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন।

১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। পরে ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ছুটিতে দেশে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং ভৈরবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন।

পরে পাকিস্তানে ফিরে সেখান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। 

১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মশরুর বিমানঘাঁটি থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের সময় বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে বিমানটি বিধ্বস্ত হয় পাকিস্তানের থাট্টা এলাকায়, ভারতীয় সীমান্তের কাছে। এতে শহীদ হন মতিউর রহমান।

দেশের স্বাধীনতার জন্য তার সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।