মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই তিন উপসচিব ওএসডি

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই তিন উপসচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের ওএসডি করা হয়।

ওএসডি হওয়া তিন উপসচিব হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।

২৯তম বিসিএসের এই কর্মকর্তারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। কিন্তু তাদের কেউই ওই সময় মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দুদক তদন্ত করে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার জালিয়াতি পান।

বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের। চলতি বছরের জানুয়ারি মাসে ‌তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।