‘বাইক চালিয়ে কয়টা টাকা আয় করে সংসার চালাতাম, এখন তাও কমে যাবে’

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

চার সদস্যের পরিবার রাকিব হোসেনের, থাকেন ঢাকাতেই। আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর এখন আয়ের একমাত্র উৎস বাইকে রাইড শেয়ার করা। এখান থেকে যা আয় হয় তাই দিয়ে কোনোভাবে সংসার চালিয়ে নেন তিনি। গতকাল জ্বালানি তেলের দাম বাড়ার পর আজই আয়ে ভাটা পড়েছে তার।

রাকিব হোসেনের দাবি, তেলের দাম বাড়ায় বাইকের খরচ বাড়বে। আগে যেখানে ১০০ টাকা নিয়ে ট্রিপ দিতাম, এখন মিনিমাম ৩০ টাকা বেশি নিতে হবে। অনেকেই যেতে চাইবে না। এতে আয় কমবে।

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

তিনি জাগো নিউজকে বলেন, ‘আগে একটা চাকরি করতাম। সেখানে বেশকিছু টাকা বেতন পাওনা ছিল। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, টাকাও পেলাম না। অন্য কোথাও চাকরি না পেয়ে বাইকে যাত্রী নেওয়া শুরু করলাম। মাঝে যখন তেলের সংকট শুরু হলো তখন খুব কষ্টে দিন গেছে। আজ থেকে আবার তেলের দাম বাড়লো। যাত্রীও কম পাচ্ছি। সবারই টাকার সংকট। বেশি টাকা ভাড়া দিয়ে কে যাবে বলেন! বাইক দিয়ে কয়টা টাকা আয় করে সংসার চালাতাম, এখন তাও কমে যাবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বাইক রাইডার, পথচারীদের সঙ্গে কথা বললে তাদের প্রায় সবাই জ্বালানি তেলের দামবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সর্বশেষ নির্ধারিত দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে। গতকাল পর্যন্ত যেখানে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা ছিল। একধাপে লিটার প্রতি ২০ টাকা বেড়েছে। এতেই সাধারণ মানুষের বেড়েছে বিড়ম্বনা।

আরও পড়ুন

বিশ্ববাজারে টানা চতুর্থদিন কমেছে তেলের দাম

মনির হোসেন নামের আরেক বাইক রাইডার বলেন, ‘তেলের দাম সরকার কী বুঝে বাড়ালো? সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করে না। একদিকে সরকারি কর্তাদের বেতন বাড়াচ্ছে আর সাধারণ মানুষকে কষ্টে রাখছে। আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ ভাবে না।’

আজম আলী নামের এক পথচারী বেশ আক্ষেপ নিয়ে বলেন, ‘তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা, আর বাসে ২০ টাকার ভাড়া ৩০ টাকা চাচ্ছে। ঝামেলা করে ২৫ টাকা দিলাম, বলেন তো এটা কোনো কথা? যে যার মতো দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা যাবো কোথায়।’

এদিকে আয় না বাড়লেও এভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী রুমান হোসেন বলেন, ‘বেতন বাড়ে না, শুধু খরচ বাড়ে। এখন তো সবকিছুর দাম বেড়ে যাবে। সংসার চালানোই কষ্ট হয়ে যাবে।’

এদিকে জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে দেশে মুদ্রাস্ফীতি বাড়বে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা।