আফতাবনগরে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নিহাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী আল-আমিন জানান, আফতাবনগরের একটি ভবনের অষ্টম তলায় স্যানিটারি কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন নিহাম। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন বিয়ের পর স্ত্রীকে তোলা হয়নি ঘরে, তার আগেই না ফেরার দেশে হাসানুর তিনি আরও জানান, নিহত নিহামের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামে। তিনি চান মিয়া গাজীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/এসএইচএস Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আফতাবনগরে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু