ভাড়া বাড়াতে চান বাসমালিকরা, বিআরটিএতে জরুরি বৈঠক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের কারণে বাস পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সে অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে—তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি। আরও পড়ুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ জাগো নিউজকে বলেন, ‘তেলের দাম বাড়ায় বিআরটিএতে জরুরি বৈঠক চলছে। পরিবহন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবার দামও বাড়ছে। সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে তারা আশা করছেন।’ আরও পড়ুন ‘বাইক চালিয়ে কয়টা টাকা আয় করে সংসার চালাতাম, এখন তাও কমে যাবে’ নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ‘পরিবহন খাতের সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ভাড়া বাড়াতে মালিকপক্ষ থেকে দাবি জানানো হয়েছে।’ এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। এমএমএ/ইএ Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বিআরটিএতে জরুরি বৈঠকভাড়া বাড়াতে চান বাসমালিকরা