২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন ৫৪৬ গ্রাম

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেশের বাজারে নতুন পূর্ণ ফ্রেমের আয়নাবিহীন ক্যামেরা এনেছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। ‘ইওএস আর এইট মার্ক টু’ নামের ক্যামেরাটিতে রয়েছে ২৪ দশমিক ২ মেগাপিক্সেলের সেন্সর। ব্যাটারি ও মেমোরি কার্ডসহ এর ওজন প্রায় ৫৪৬ গ্রাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ক্যামেরাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ক্যানন সিঙ্গাপুরের আঞ্চলিক বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক নাগাই কাতসুয়ুকি বক্তব্য দেন। তিনি বলেন, নতুন নকশা, সহজ ও স্বজ্ঞাত ব্যবহারব্যবস্থা এবং উন্নত ছবি ধারণ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরাটি সব পর্যায়ের আলোকচিত্রীকে নতুন সৃজনশীল সম্ভাবনা খুঁজে নিতে এবং নিজস্ব দৃশ্যশৈলী গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

ক্যানন জানিয়েছে, আগের ‘ইওএস আর এইট’ মডেলের উত্তরসূরি হিসেবে নতুন ক্যামেরাটিতে ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আকারে ছোট ও ওজনে হালকা হওয়ায় এটি বহন করাও তুলনামূলক সহজ।

কম আলোতেও ছবি তোলার সুবিধা

ক্যামেরাটিতে পূর্ণ ফ্রেমের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে বলে জানিয়েছে ক্যানন।

ক্যামেরায় পাঁচ অক্ষের ভেতরনির্মিত কাঁপুনি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। লেন্সের কাঁপুনি নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে এটি একসঙ্গে কাজ করতে পারে। এতে ধীরগতির শাটার ব্যবহার করে ছবি তোলার সময় হাত কেঁপে ছবি ঝাপসা হওয়ার প্রবণতা কমে।

দ্রুতগতির ছবি ধারণ

চলমান বিষয় বা দ্রুতগতির মুহূর্ত ধারণের জন্য ক্যামেরাটিতে উন্নত স্বয়ংক্রিয় ফোকাস ব্যবস্থা রয়েছে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪০টি ছবি তোলা যায়।

ভিড়ের মধ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শনাক্ত করে তার ওপর ফোকাস ধরে রাখার সুবিধাও রয়েছে। ফলে অনুষ্ঠান, খেলাধুলা বা অন্যান্য ব্যস্ত পরিবেশে ছবি তোলার ক্ষেত্রে এটি কাজে আসতে পারে।

ভিডিও ধারণেও সুবিধা

ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণের জন্যও ক্যামেরাটিতে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। সর্বোচ্চ চার হাজার পিক্সেল মানের প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমের ভিডিও ধারণ করা যায়। ধীরগতির ভিডিও ধারণের সুবিধাও রয়েছে।

ভিডিও নির্মাতাদের জন্য রঙের পরিবর্তন ও সম্পাদনার সুযোগ রাখা হয়েছে। সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও তারযুক্ত ও তারবিহীন সংযোগ ব্যবহারের সুবিধা রয়েছে।

নতুন ব্যবহারকারীদের জন্য সহজ একটি স্বয়ংক্রিয় মোড রাখা হয়েছে। এর মাধ্যমে ক্যামেরার বিভিন্ন সেটিংস জটিলভাবে পরিবর্তন না করেও ছবি তোলা যাবে।

ক্যানন জানিয়েছে, নতুন ক্যামেরাটির দাম ও বাজারে প্রাপ্যতা দেশ ও বাজারভেদে ভিন্ন হতে পারে। পণ্যের বৈশিষ্ট্য, দাম ও প্রাপ্যতায় পরিবর্তনও আসতে পারে।

ইএইচটি/এমএমএআর