জিততে এসেছি, দ্রুতই জিততে চাই: ইতালির কোচ মানচিনি প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ নতুন শুরুর প্রত্যাশায় ইতালি। বিশ্বকাপে টানা তিনবার জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে এবার নেশন্স লিগ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় আজ্জুরিরা। সেই লক্ষ্যেই দ্বিতীয়বার ইতালির দায়িত্ব নেওয়া কোচ রবার্তো মানচিনি শুরুতেই দিলেন জয়ের বার্তা। সোমবার নিজ দেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দ্রুতই সাফল্য পেতে চান। মানচিনির সামনে প্রথম পরীক্ষা ২৫ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে। এরপর তুরস্ক এবং ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে ইতালি। এই উইন্ডোতে ফিরতি ম্যাচ আছে তুরস্কের বিপক্ষে। ব্যস্ত এই সূচির জন্য ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। দলে প্রথমবার ডাক পেয়েছেন নয়জন। নতুন দল নিয়ে মানচিনি বলেন, ‘অতীত নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। সমর্থকদের হতাশা বুঝতে পারছি। আমার লক্ষ্য মাঠের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের আস্থা ফিরিয়ে আনা।’ ‘আমি এখানে জিততে এসেছি। যত দ্রুত সম্ভব জিততে চাই’- সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে দেন মানচিনি। তার কাছে শুধু জয় নয়, ভালো ফুটবলও গুরুত্বপূর্ণ। তিনি চান এমন একটি দল, যারা ম্যাচ নিয়ন্ত্রণ করবে, ভালো খেলবে এবং সমর্থকদের আনন্দ দেবে। নতুন দলে তরুণদের ওপরও বড় আস্থা রেখেছেন ইতালির কোচ। অভিজ্ঞ কয়েকজনকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার ব্যাখ্যায় তিনি জানান, আগামী চার বছরের জন্য শক্তিশালী দল গড়তে এখনই খেলোয়াড়দের যাচাই করতে চান। চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় বেশি খেলোয়াড়কে দেখার সুযোগও কাজে লাগাতে চান তিনি। কৌশল নিয়েও নির্দিষ্ট কোনো ছকে আটকে থাকতে চান না মানচিনি। প্রয়োজনে দুই স্ট্রাইকার নিয়ে কিংবা ৪-৩-৩ ছকে খেলতে পারে ইতালি। অর্থাৎ প্রতিপক্ষ ও খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী কৌশল বদলানোর পথ খোলা রেখেছেন তিনি। বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালির ফুটবলে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠাই এখন মানচিনির বড় চ্যালেঞ্জ। তবে তার কথায় সেই চাপের চেয়ে নতুন করে দল গড়ার আগ্রহই বেশি। নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে মানচিনির নতুন অধ্যায়। এবার মাঠের পারফরম্যান্সে কথার প্রতিফলন ঘটাতে পারবেন কি না, সেটিই দেখার। আরআই/আইএন Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: জিততে এসেছিদ্রুতই জিততে চাই: ইতালির কোচ মানচিনি