সমর্থকদের আস্থা ফেরানোই ইতালি কোচের বড় লক্ষ্য প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইতালি জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রবার্তো মানচিনি। বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব পেয়েছেন তিনি। আর সেই যাত্রায় যত দ্রুত সম্ভব জয় পেতে চান ইতালির এই কোচ। সোমবার কোভারচিয়ানোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্যের কথা জানান মানচিনি। তার বিশ্বাস, আগামী চার বছরে ইতালি কিছু না কিছু অর্জন করবেই। তবে সাফল্যের জন্য অপেক্ষা দীর্ঘ করতে চান না তিনি। মানচিনির ভাষায়, ‘আমি কখনো হারার জন্য শুরু করি না। আমাদের জিততে হবে, আর যত দ্রুত সম্ভব তা করার চেষ্টা করতে হবে।’ ইতালির নতুন মৌসুমের প্রথম ক্যাম্পে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে ডেকেছেন মানচিনি। অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা দেখতে চান তিনি। ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়তে তরুণদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান কোচ। দলে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের ভারসাম্য রাখার বিষয়েও কথা বলেছেন মানচিনি। কে কতটা ম্যাচ খেলার মতো ফিট, সেটিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তিনি। বিশ্বকাপে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে সমর্থকদের আস্থা ফেরানোই এখন ইতালির অন্যতম লক্ষ্য। মানচিনি মনে করেন, সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে অতীতের ব্যর্থতা পেছনে ফেলে দলকে আবারও প্রাপ্য অবস্থানে ফিরিয়ে নিতে চান তিনি। এ জন্য ভালো খেলার পাশাপাশি ম্যাচে আধিপত্য বিস্তার করেও জিততে চান ইতালি কোচ। মানচিনির দ্বিতীয় মেয়াদের প্রথম বড় পরীক্ষা উয়েফা নেশনস লিগ। শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ইতালি। এরপর তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। নতুন দল নিয়ে দ্রুত ছন্দ খুঁজে পাওয়াই হবে মানচিনির সামনে বড় চ্যালেঞ্জ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইতালির কোচ ছিলেন মানচিনি। তার অধীনেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল আজ্জুরিরা। এবারও সেই সাফল্যের ধারায় ফিরতে চান তিনি, তবে আপাতত লক্ষ্য—দ্রুত জয় দিয়ে নতুন যাত্রার শুরুটা স্মরণীয় করা। এইচজেএস Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: সমর্থকদের আস্থা ফেরানোই ইতালি কোচের বড় লক্ষ্য