আসিয়ান কাপ • এক ঝাঁক প্রবাসী নিয়ে বাংলাদেশ কি চমক দেখাতে পারবে? প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ প্রথমবারের মতো হতে যাচ্ছে ফিফা আয়োজিত আসিয়ান কাপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে এবার লড়াই করবে বাংলাদেশও। আর সেই লড়াইয়ে লাল-সবুজের সবচেয়ে বড় শক্তি হতে পারে একঝাঁক প্রবাসী ফুটবলার। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকাও প্রবাসীদের একজন হামজা দেওয়ান চৌধুরী। অভিজ্ঞতা, তারুণ্য আর প্রবাসীর মিশেলে গড়া এই বাংলাদেশ কি পারবে প্রথম অংশগ্রহণেই চমক দেখাতে? ২৩ সদস্যের দলে আছেন ৯ প্রবাসী ফুটবলার। তাদের আন্তর্জাতিক ও পেশাদার ফুটবলের অভিজ্ঞতা দলের মান বাড়ানোর পাশাপাশি কঠিন ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিন প্রতিপক্ষের মধ্যে স্বাগতিক ইন্দোনেশিয়াকেই সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে। ঘরের মাঠের সমর্থন, সাম্প্রতিক উন্নতি এবং দলের গভীরতা তাদের শিরোপার অন্যতম দাবিদার করেছে। মালয়েশিয়াও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। শারীরিক সক্ষমতা ও গতি দিয়ে তারা চাপ তৈরি করতে পারে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে তুলনামূলকভাবে সমানে সমানে লড়াইয়ের সুযোগ দেখছে বাংলাদেশ। গ্রুপ পর্বে সাফল্যের জন্য এই ম্যাচটি হতে পারে গুরুত্বপূর্ণ। অন্য গ্রুপে মুখোমুখি হবে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ভিয়েতনাম ও থাইল্যান্ডকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। ইন্দোনেশিয়াও তাদের সঙ্গে শিরোপার দৌড়ে এগিয়ে। মালয়েশিয়াকে রাখা যায় পরের সারিতে। ফেবারিটের তালিকায় না থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রবাসী ফুটবলারদের অভিজ্ঞতা যদি স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দ্রুত মানিয়ে যায়, তাহলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট আদায় সম্ভব। শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য শুধু অংশ নেওয়া নয়, নিজেদের সামর্থ্য প্রমাণ করা। শুরুতেই মালয়েশিয়ার বিপক্ষে ভালো ফল পেলে আত্মবিশ্বাস বাড়বে। আর তখনই প্রশ্ন উঠবে — এক ঝাঁক প্রবাসী নিয়ে বাংলাদেশ কি সত্যিই আসিয়ান কাপে বড় চমক দেখাতে পারবে? আরআই/আইএন Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: আসিয়ান কাপ • এক ঝাঁক প্রবাসী নিয়ে বাংলাদেশ কি চমক দেখাতে পারবে?