নিজেদের মেধা-দক্ষতাকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬ মেধা মেধাই, তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে ডেসপারেট হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমাদের সবাইকে চিন্তা করতে হবে, ডেসপারেট হতে হবে। না হলে কোনো ফিউচার নেই। তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিতি একজন মানুষকে সমস্যাকে বহুমাত্রিকভাবে বিশ্লেষণ করতে শেখায়। তাই শিক্ষার্থীদের শুধু নির্দিষ্ট একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের মেধা ও দক্ষতাকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এমজিআই–এমএএ স্কলারশিপ ২০২৬’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন তাদের স্বপ্ন থেমে না যায়, সেজন্য বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কেন্দ্রীয় এনডাওমেন্ট ফান্ড গঠনে ব্যবসায়ী ও অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দেওয়া এক কোটি টাকার ফান্ডের লভ্যাংশ থেকে ২৮তম থেকে ৩২তম ব্যাচের ৯০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। তিনি ফান্ডের পরিমাণ বাড়ানো এবং অন্যান্য প্রতিষ্ঠানকে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের গেস্ট অব অনার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, আর্থিক সীমাবদ্ধতা যেন মেধার বিকাশে বাধা না হয়, সেটিই বৃত্তি কার্যক্রমের অন্যতম লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: নিজেদের মেধা-দক্ষতাকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী