ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাফিসের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, বুধবার রাতে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশের একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। ওই সময় পাশে আরেক ঝালমুড়ির দোকানে বিক্রেতার সঙ্গে কয়েকজন পথচারীর বাগ্‌বিতণ্ডা চলচিল। রাফিস সেখানে গিয়ে তাদের বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরও দুজনের ওপর হামলা চালান।

রাফিসের পেটের ডানপাশে গভীর ছুরিকাঘাত করায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ​প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা পুলিশের একটি টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ রয়েছে।

শেখ নাজমুল হাসান আরও জানান, নিহত রাফিস খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। চক্রবর্তী এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।