মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের ২ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক (গোল্ড মেডেল) জয় করে প্রথম স্থান লাভ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেটালিং জায়ায় এ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ থেকে ২৩টি দল অংশ নেয়।

এর মধ্যে তিনটি দল গোল্ড মেডেল অর্জন করে। সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে ‘WALL-E’ প্রজেক্টের জন্য প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে।
 

স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ খবর শুনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের। 

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা দুই শিক্ষার্থীর এ সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠান পাশে থাকবে এবং সহযোগিতা করবে।

এদিকে সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে দুই শিক্ষার্থী।