তামাক-নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস: প্রজ্ঞা প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে তাদের ফুসফুস সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’। এ উপলক্ষে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের এ আহ্বান জানান। এবিএম জুবায়ের বলেন, ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রজ্ঞার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত অসুস্থতা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ বিভিন্ন গুরুতর ফুসফুস রোগের ঝুঁকি বাড়ায়। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’ অনুযায়ী, দেশে মৃত্যুর শীর্ষ পাঁচটি কারণের মধ্যে দুটি ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশে বছরে প্রায় দুই লাখ মানুষ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে মারা যায়। দেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। প্রজ্ঞা বলছে, ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন প্রজন্মের পণ্য আইনের বাইরে থাকায় কিশোর ও তরুণ সমাজের মধ্যে এগুলোর ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে প্রজ্ঞার পক্ষ থেকে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যের পাশাপাশি নতুন প্রজন্মের নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: তামাক-নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস: প্রজ্ঞা