ফাতেহা-ই ইয়াজদাহ উপলক্ষে মদিনার জামাত মালদ্বীপ শাখার মিলাদ মাহফিল

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহ উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে মালদ্বীপের রাজধানী মালেতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সংগঠনের নেতা, সদস্য, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক সাংবাদিক মো. আল আমিনের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার উপদেষ্টা মো. ফারুক মিয়া।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, নাতে রাসুল (সা.) ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন, ইসলামের প্রচার-প্রসারে তার অবদান এবং মানবতার কল্যাণে তার শিক্ষা ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ইসরাফিল হোসেন।

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করের হাফেজ মো. রিফাতুল ইসলাম।

মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতারা বলেন, প্রবাসের মাটিতে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের ধর্মীয় ও আত্মশুদ্ধিমূলক আয়োজন অব্যাহত থাকবে।