বিদেশে উচ্চশিক্ষায় স্কিটো গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে আইডিপি প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ বাংলাদেশি তরুণদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী করতে আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোনের তরুণদের জন্য চালু করা ডিজিটাল-ফার্স্ট ব্র্যান্ড স্কিটো। এই পার্টনারশিপের আওতায় বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতিতে বেশকিছু বিশেষ সুবিধা পাবেন স্কিটোর গ্রাহকরা। এর মধ্যে রয়েছে, বিনামূল্যে আইইএলটিএস মাস্টারক্লাস সেশন, আইডিপির ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ এবং দেশের যে কোনো আইডিপি অফিসে আইইএলটিএস নিবন্ধনে এক হাজার টাকা ছাড়। এসব সুবিধা সব স্কিটো ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। এতে গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আক্তার, হেড অব ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট নুজহাত জান্নাতুন নাঈম, হেড অব প্রোডাক্ট অ্যান্ড অ্যানালিটিক্স মো. রেজাউল করিম এবং হেড অব সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস মোহাম্মদ শোয়েব আনসার। এ ছাড়া আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমিনুর রহমান মঈন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর বলেন, ‘এখন আরও বেশি উদ্যমী শিক্ষার্থী ও পেশাজীবীরা নতুন কিছু শিখতে, এগিয়ে যেতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে দেশের বাইরে যেতে আগ্রহী। স্কিটোতে আমরা আমাদের প্ল্যাটফর্ম ও পার্টনারশিপগুলো কাজে লাগিয়ে তাদের সেই স্বপ্ন পূরণকে আরও সহজ করতে চাই। আইডিপি এডুকেশন বাংলাদেশের সঙ্গে স্কিটোর এ পার্টনারশিপের মাধ্যমে আমরা স্কিটো গ্রাহকদের কাছে এ সম্পর্কিত সুবিধাগুলো পৌঁছে দিচ্ছি, যাতে বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপগুলো তাদের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠে।’ আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব বলেন, ‘আমরা বুঝি যে বিদেশে পড়াশোনা করা অনেক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য একটি বড় স্বপ্ন, আর সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি সেই যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। স্কিটোর সঙ্গে এ পার্টনারশিপ আমাদের আরও বেশি সংখ্যক তরুণদের কাছে গুরুত্বপূর্ণ আইইএলটিএস প্রস্তুতির রিসোর্স ও সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছি যেন তারা প্রয়োজনীয় রিসোর্সের সুযোগ কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার পথে এগিয়ে যেতে পারে।’ এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু সংযোগ সেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের তরুণদের পরিবর্তনশীল চাহিদা ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সুযোগ ও সুবিধা দেওয়া অব্যাহত রেখেছে স্কিটো। Download PhotoCard SHARES তথ্য প্রযুক্তি বিষয়: বিদেশে উচ্চশিক্ষায় স্কিটো গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে আইডিপি