আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুরু হওয়া এই প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে প্রায় এক হাজার ৫০০ জনকে ফেরত পাঠানো হচ্ছে। মিয়ানমারের সঙ্গে করা বৃহত্তর এক পরিকল্পনার আওতায় শেষ পর্যন্ত পাঁচ হাজার মানুষকে ফেরত পাঠানো হতে পারে। মালয়েশিয়া বলছে, প্রত্যাবাসন কর্মসূচি সম্পূর্ণ স্বেচ্ছামূলক। তবে মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলায় ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও বিভিন্ন নাগরিক সংগঠন। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে নিরাপত্তা যানসহ কয়েক ডজন বাস পৌঁছায়। পরে বাসগুলো বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে মিয়ানমারের নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ভিড়ে ছিল। তবে বাসগুলোতে কারা ছিলেন, তা স্পষ্ট হয়নি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। সাংবাদিকদের গত ২৭ আগস্ট প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতির দিকে নজর দিতে বলেন। ওই বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মিয়ানমার সরকারের শনাক্ত করা ১ হাজার ৪৭৬ জন নাগরিককে এই দফায় দেশে ফেরত পাঠানো হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার সরকারের মুখপাত্র ও কুয়ালালামপুরে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মাসে জানিয়েছে, যাচাইকৃত বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে স্বেচ্ছায় ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে তারা। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া