ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও স্পষ্ট কোনো বিজয়ী পাওয়া যায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলই। এতে করে নতুন সরকার গঠন নিয়ে চরম রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। আংশিক ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে আরব দলগুলো ঐতিহাসিক সাফল্য পেয়ে রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে আভাস মিলছে। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত ৫০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে এখনো কূটনীতিক, সেনাসদস্যসহ বিশেষ ক্যাটাগরির পাঁচ লাখের বেশি ‘দ্বৈত খাম’ ব্যালট গণনা বাকি রয়েছে, যা চূড়ান্ত ফলাফলে কিছুটা পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের সংঘাত এবং গাজায় রক্তক্ষয়ী আগ্রাসনের পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। ফলে ভোটটিকে মূলত নেতানিয়াহুর ক্ষমতার ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক বৃহত্তম জোট হিসেবে সরকার গঠনের প্রক্রিয়ায় এখনো টিকে আছেন ৭৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের লক্ষ্যে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। আরেকটি নির্বাচন এড়াতে দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর লিকুদ পার্টি তাদের বিরুদ্ধে ‘ভোট চুরির’ তীব্র অভিযোগ তুলেছে। লিকুদের দাবি, জালিয়াতি ও হুমকি দিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এ সংক্রান্ত প্রমাণাদি পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে পাঠানো হচ্ছে। তবে এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে প্রধান আরব জোট জয়েন্ট লিস্ট। জোটটির মতে, যুদ্ধাপরাধ ও উগ্র নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সাধারণ ভোটাররা রায় দিয়েছেন, যা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রেখেছে। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন জানিয়েছেন, তাঁরা সরকারে সরাসরি যোগ না দিলেও নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী যে কোনো সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলইসরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা