পুলিশের পাহারায় আল-আকসায় ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইহুদিদের সুক্কোট উৎসবের পঞ্চম দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তায় অন্তত ৫০০ ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলি পুলিশ সদস্যদের পাহারায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাবেক নেসেট সদস্য ও জেহুত দলের নেতা মোশে ফেইগলিনকে আল-আকসা প্রাঙ্গণের ভেতরে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে।

গত কয়েক দিনেও ইসরায়েলের কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও রয়েছেন।

বেন-গভির এর আগে আল-আকসা প্রসঙ্গে বলেছেন, আমরাই এই বাড়ির মালিক, আমরা তাদের পরাজিত করেছি।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি রাজনীতিক ও বসতিস্থাপনকারীদের প্রবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।