ইউসেটে ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ইউজিসি প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদনহীন ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ও সাময়িক অনুমতির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ইউজিসি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত ২৯ সেপ্টেম্বর কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) সরকার কর্তৃক ২০১৯ সালের ২৮ আগস্টের ২১১ নম্বর স্মারকে ৭ বছরের জন্য সামাদবানু টাওয়ার, প্লট নং- ২৯৮-২৯৯, খোর্দ ঘোষপাড়া, উপজেলা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ঠিকানায় অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতিপ্রাপ্ত হয়। ইউজিসি ২০২০ সালের ১৯ ফ্রেব্রুয়ারি শর্ত সাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে জানিয়ে বলা হয়েছে, বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার কার্যক্রম চলমান নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী- শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ছাড়া কোনো ঠিকানায় বা ভবনে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এতে আরও বলা হয়েছে, ওয়েবসাইটের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী এর ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউসেটের চলমান প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শিগগির পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, প্রজ্ঞাপনে সব বলে দেওয়া হয়েছে। তারা সরকার ও ইউজিসির কোনো নিয়ম মানেনি। এ কারণে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: ইউসেটে ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ইউজিসি