বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডিশ বিনিয়োগ চেয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বাংলাদেশকে সুইডেনের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে এ দেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি’ বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজনের জন্য সুইডেনকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। এসময় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন, দক্ষ কর্মী অভিবাসন ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুইডেনের অব্যাহত সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ ও রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার প্রশংসা করেন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান