শিক্ষার্থীদের বৃত্তির টাকায় প্রতারকচক্রের নজর, সতর্ক করলো বোর্ড

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এ টাকা দেওয়ার নাম করে প্রতারকচক্র অভিভাবকদের মোবাইল নম্বরে কল দিচ্ছে। তারা বিভিন্ন তথ্যসহ টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃত্তির টাকা পাওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি কাউকে অনৈতিকভাবে টাকা না দিতেও নির্দেশ দিয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বৃত্তির টাকা দেওয়া কার্যক্রমের আওতায় বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কেউ যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের বিভিন্ন তথ্য অথবা ক্রেডিট ও ডেবিট কার্ডের পাসওয়ার্ড, পিন নম্বর বা ওটিপি চায়, তাহলে তা দেওয়া যাবে না।

এতে আরও বলা হয়, বৃত্তির টাকা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে কোনো ধরনের ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যাংক হিসাব নম্বর, কার্ড নম্বর, পাসওয়ার্ড, পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না।