একাদশে ভর্তি • জিপিএ-৫ পেয়েও কোথাও ভর্তির সুযোগ পেল না ৩২১ জন, কী হবে তাদের প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। এতে আবেদন করে ভর্তির সুযোগ পায়নি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩২১ জন শিক্ষার্থী। ভর্তি প্রক্রিয়ার শেষ ধাপেও নির্বাচিত না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে তারা। সোমবার (৫ অক্টোবর) রাতে একাদশে ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের পাঠানো ফলাফলের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানান। ফল বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে আবেদন করেছে এক লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৩৪০ জন। আবেদন করেও ভর্তির সুযোগ পায়নি মোট পাঁচ হাজার ১২৯ জন। তাদের মধ্যে রয়েছে ৩২১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও। ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি। অথচ সর্বোচ্চ ভালো ফল বিবেচিত জিপিএ-৫ পেয়েও কেন ৩২১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেল না, এমন প্রশ্নে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘তারা যে কলেজগুলো পছন্দ করেছে, সেগুলোতো কোনো আসন ফাঁকা নেই। নিয়ম অনুযায়ী- সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দেওয়া যায়। অথচ তারা ঘুরেফিরে ৫-৬টি কলেজের নাম দিয়েছে। সেখানে আসন নেই। এ কারণে তাদের নির্বাচিত করাও সম্ভব হয়নি।’ কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত ধাপের আবেদন ও নিশ্চায়ন শেষ, তাহলে জিপিএ-৫ পেয়েও বাদ পড়া মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হবে কীভাবে, এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে ভর্তিপ্রক্রিয়া শেষে তাদের নিজ উদ্যোগে পছন্দের কলেজে যোগাযোগ করতে হবে। যেসব কলেজে আসন শূন্য থাকবে, সেখানে সশরীরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। দেশের অসংখ্য কলেজে লাখ লাখ আসন শূন্য রয়েছে। ফলে তারা ভর্তিবঞ্চিত হবে, এমন কোনো আশঙ্কা নেই।’ এদিকে, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফলে দেখা যায়, দেশের ১২টি কলেজে ভর্তি হতে কোনো শিক্ষার্থী আগ্রহ দেখায়নি। অর্থাৎ, একজন শিক্ষার্থীও এসব কলেজে ভর্তির জন্য পছন্দক্রম দেয়নি। পাশাপাশি ৪১৬টি কলেজ ভর্তির জন্য কোনো শিক্ষার্থীই পায়নি। অন্যদিকে চূড়ান্ত ধাপে আবেদন ও নিশ্চায়ন করে ভর্তির আওতায় এসেছে ১০ লাখ ৩ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম ধাপে ভর্তি হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আমরা ৯৯ শতাংশ আগ্রহী শিক্ষার্থীকে অ্যালোকেশন (ভর্তির জন্য আসন বরাদ্দ) করতে সক্ষম হয়েছি। ১ শতাংশের মতো শিক্ষার্থী এখন বাকি। তারা পছন্দক্রমে প্রতিষ্ঠানের সংখ্যা কম দেওয়াসহ নানান কারণে বাদ পড়েছে। ম্যানুয়ালি তাদেরও ভর্তির সুযোগ রাখা হবে।’ Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: একাদশে ভর্তি • জিপিএ-৫ পেয়েও কোথাও ভর্তির সুযোগ পেল না ৩২১ জনকী হবে তাদের