ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করায় আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা। অবিলম্বে তিনি তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। বুধবার (২৮ অক্টোবর) মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপির সই করা বিজ্ঞপ্তিতে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে যেমন নির্বাচিত করে, তেমনি তার প্রত্যাশা অনুযায়ী জনপ্রতিনিধি ভূমিকা রাখতে না পারলে তার সমালোচনাও করে। আটক সাথী আক্তারের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু এর ফলশ্রুতিতে ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টি এবং তার নিরাপত্তা না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেফতার করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘মহিলা জামায়াত মনে করে এই ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ করেছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সে ব্যাপ্যারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে না। বরং আমরা দেখছি ভিন্নমত প্রকাশ করায় একজন নারীকে রাষ্ট্রের রোষানলের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক। আমরা মনেকরি এর মাধ্যমে সরকার বিরোধী মতকে দমাতে চাচ্ছে। যা চব্বিশ পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত।’ তিনি এ ঘটনার নিন্দা এবং অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকাল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী সাথী আক্তারকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। Download PhotoCard SHARES রাজনীতি বিষয়: ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের