শাহিন আফ্রিদির অধিনায়কত্ব প্রসঙ্গে ‘বিভক্ত’ নির্বাচকরা প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ পাকিস্তানের ক্রিকেট যেন নাটকীয়তায় মোড়ানো! ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া একের পর এক সিদ্ধান্তে হতবাক দেশটির ক্রিকেট ভক্তরা। মাত্র একটি সিরিজের ফলাফল বিবেচনায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে শাহিন আফ্রিদিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে। গণমাধ্যমের দাবি– আবারও ফরম্যাটটির নেতৃত্বভার উঠছে বাবর আজমের কাঁধে। তবে শাহিনকে সরিয়ে দেওয়া নিয়ে পিসিবির নির্বাচকরা বিভক্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাচক কমিটি বিভিন্ন বিষয় তুলে ধরে পাকিস্তানের অধিনায়ক পরিবর্তনের কথা বলেছে। তবে তারা শুধুমাত্র একটি কারণে শাহিন আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে রাজি নয়। আর এমন বিতর্ক পছন্দ নয় পাকিস্তানের এই তারকা পেসারের। তার মতে, ক্যাপ্টেন্সি পরিবর্তনের বিষয়ে আগে দায়িত্বরত ক্রিকেটারের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু বর্তমানে তারা অবস্থান করছেন কাকুলে চলমান সেনাবাহিনীর বিশেষ ফিটনেস ক্যাম্পে। এর আগে কিংবদন্তি শহীদ আফ্রিদি বলেছিলেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেওয়া দরকার। আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে-ই ভাবে আমি যা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।’ ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন’, আরও যোগ করেন সাবেক এই তারকা। জামাতার খারাপ সময়ে পাশে রয়েছেন তিনি। শাহিন সর্বশেষ পিএসএলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করতে পারেননি। যা নেতিবাচক প্রভাব পড়েছে লাহোর কালান্দার্সের অবস্থানেও। ১২ ম্যাচে শাহিনের দলটি মাত্র একটিতে জয় পেয়ে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে। তবে জাতীয় দলকে কেবল নিউজিল্যান্ডের মাটিতে একটি সিরিজে নেতৃত্ব দেন শাহিন, যেখানে তার দল হেরেছে ৪-১ ব্যবধানে। অন্যদিকে, পাকিস্তানের নির্বাচক কমিটি নতুন করে বাবরকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নাকি তার সঙ্গে যোগাযোগ করেছে। এমনকি তাকে রাজি করানোর বিষয়ে তারা কাকুল ফিটনেস ক্যাম্পের উদ্দেশে রওনা করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। গত নভেম্বরে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শুরু হয়। তার মাঝেই তিনি নিজ থেকে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন। এরপর শাহিনকে টি-টোয়েন্টি এবং শান মাসুদকে টেস্ট ফরম্যাটের অধিনায়ক বানায় পিসিবি। উল্লেখ্য, এর আগে ২০২১–২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২–২৩ এশিয়া কাপ ও সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে মেন ইন গ্রিনদের নেতৃত্ব দিয়েছেন বাবর। তবে এই সময়ে আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেটের কোনো চূড়ান্ত সাফল্য পায়নি পাকিস্তান। তবে তার পারফরম্যান্স ও নেতৃত্বের গুণাবলি বিবেচনায় আবারও তার ওপর ভরসা রাখতে চায় পিসিবি। এ নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে পুরো নির্বাচক প্যানেল বৈঠক করেছে। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: পাকিস্তানশাহিন