হলমার্ক দুর্নীতি মামলায় রায় শুনে পালিয়ে যাওয়া সেই আসামির আত্মসমর্পণ প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ হলমার্ক কেলেঙ্কারির মামলায় সাজার রায় শুনে পালিয়ে যাওয়া সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৩১ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। দুপুর আড়াইটার দিকে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। জানা গেছে, গত ১৯ মার্চ হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায়ে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সোনালী ব্যাংকের শীর্ষ সাত কর্মকর্তাকে পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারকে এক ধারায় পাঁচ বছর এবং আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। জামিনে থাকা একমাত্র আসামি জামাল উদ্দিন রায় শুনতে আদালতে হাজির হন। হাজিরা কাগজে স্বাক্ষরও করেন। রায় ঘোষণা শোনেন। আদালত তাকে পৃথক দুই ধারায় সাত বছরের সাজা দেন। সাজার রায় শোনার পরে এক ফাঁকে আদালত থেকে পালিয়ে যান তিনি। পরে আদালত জামাল উদ্দিনের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। Download PhotoCard SHARES আইন আদালত বিষয়: আদালতমামলা