সোনালী ব্যাংকের দুই কোটি টাকা লুট, অস্ত্র ছিনিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রায় দুই কোটি টাকা ও ১০টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিনকেও অপহরণ করে নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮.৪৫ এর দিকে এ ঘটনা ঘটে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত ৮.৪৫ এর দিকে রুমা বাজার জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন সময়ে ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল  মসজিদ এবং বাজার ঘেরাও করে। এসময় ডাকাতরা নামাজ চলাকালীন সময়ে মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানাজার নিজাম উদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়।

এসময় ডাকাতরা ব্যাংকের ভোল্ট ভাঙচুর চালিয়ে দুই কোটি টাকা,ম্যানেজার নিজাম উদ্দিন এবং  ব্যাংকের নিরাপত্তা দায়িত্ব থাকা ৬ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যসহ ১০ টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বলেন, মাসের প্রথম দিকে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ওই ব্যাংকে প্রচুর টাকা জমা ছিল। টাকাগুলো আজ বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল।

দিদারুল আলম আরো জানান, এ ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।