গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩৩ হাজার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। এরইমধ্যে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩৩ হাজার। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনই বিদেশি নাগরিক এবং একজন ফিলিস্তিনি। এই ঘটনার পর জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি হামলায় নতুন করে সাত ত্রাণকর্মীর মৃত্যুতে এখন পর্যন্ত সেখানে মোট ত্রাণকর্মীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে ১৭৫ জনের বেশি জাতিসংঘের কর্মী। এই হামলাকে তিনি বিবেকবর্জিত ঘটনা বলে উল্লেখ করেছেন।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি তান্ডবে এখন পর্যন্ত কমপক্ষে ৩২ হাজার ৯১৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৭৫ হাজার ৪৯৪ জন।