ফেনীতে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৬, গেইটম্যান গ্রেফতার প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪ ফেনীর ফাজিলপুর মুহুরীগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার (৭ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে চট্টগ্রামের মীরসরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপুর গ্রামের মৃত শেখ মো. আনোয়ারুল আজিমের ছেলে। র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামন সুন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর মুহুরী নদীর ব্রিজ সংলগ্ন পূবালী বালুমহাল এলাকায় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত ১০০ মিটার সামনে গিয়ে পড়ে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গেইটম্যান ঘটনাস্থলে ছিলেন না। ফলে ওইসময় সিগন্যাল বারটি ফেলেননি কেউ। এ কারণে ট্রাকটি বিনা বাধায় রেললাইনে উঠে পড়ে। এরপর দ্রুতগতির ট্রেন ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে করে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান মো. সাইফুল ইসলাম এবং মো. রাশেদকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, গেইটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে। তারমধ্যে আমি বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা করেছি। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: গেইটম্যানট্রাকট্রেন