এক যুগ পর দলছুট, স্মরণে সঞ্জীব চৌধুরী প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ দেশের জনপ্রিয় ব্যান্ডদল দলছুট। অনেক দিন ধরেই তাদের নতুন অ্যালবামের অপেক্ষায় ভক্ত-শ্রোতারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি প্রকাশ্যে এসেছে অ্যালবামটি। নাম ‘সঞ্জীব’। যেখানে ফুটে উঠেছে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর প্রতিচ্ছবি। কিংবদন্তি এই গায়ক-সাংবাদিক প্রয়াত হন ২০০৭ সালের ১৯ নভেম্বর। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে তারই নামে। এর আগে, ২০১২ সালে প্রকাশ পেয়েছিল দলছুটের সর্বশেষ অ্যালবাম ‘আয় নিমন্ত্রণ’। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। এবার এলো ‘সঞ্জীব’। এতে শিরোনামের গান ছাড়াও থাকছে ‘তুমি যাও’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছ নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মেঘ জমেছে’, ‘তার ছায়ায়’, ‘প্রবঞ্চনা’ ও ‘মন দাবাড়ু’গানগুলো। ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সবসময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তার প্রতি সেই ভালোবাসা উদযাপন করতেই আমাদের এই অ্যালবাম। তাকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানে। সঞ্জীব দাদাকে আমরা ভালোবাসি, মিস করি এখনও। তাই তাকেই ট্রিবিউট করেছি অ্যালবামটি।’ তিনি আরও বলেন, ‘গানগুলো সব মেলোডিনির্ভর। তবে রক ও ফোক ধাঁচের গানও আছে। সেই সঙ্গে শ্রোতারা পাবেন দলছুটের নিজস্ব ধারাও।’ জানা গেছে, অ্যালবামের গানগুলো দীর্ঘ আট বছর ধরে সাজিয়েছে ব্যান্ডটি। গতকাল শনিবার স্বাধীন মিউজিকের অ্যাপে মুক্তি পেয়েছে গানগুলো। আর কয়েকদিনের মধ্যে অনলাইন ও অন্যান্য প্ল্যাটফর্মেও গানগুলো প্রকাশ পাবে। অ্যালবামটির আর্টওয়ার্ক করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। গানগুলো লিখেছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা, রাসেল ও’নীল (প্রয়াত), ইন্দ্রনীল, মাস মাসুম, শাহান কবন্ধ ও দীপন। উল্লেখ্য, ব্যান্ডটির বর্তমান লাইনআপে আছেন বাপ্পা মজুমদার (ভোকাল ও গিটার), মাসুম ওয়াহিদুর (গিটার), জন শার্টন (বেস গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: ব্যান্ডদলসঞ্জীব