আইজিপি কাপ ক্রিকেটে পুলিশ স্টাফ কলেজ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পিএসসি দল খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে খুলনা রেঞ্জ। দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো: মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা ‘ইনিংস’ প্রকাশিত হয়েছে। আইজিপি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

আজকের ফাইনাল খেলায় খুলনা রেঞ্জ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রান সংগ্রহ করে। জবাবে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) দল ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে তাদেরকে পরাজিত করে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২৩টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন খুলনা রেঞ্জ দলের শেখ মুরাদ হাসান চপল।