ডেমরায় অছিম পরিবহনের বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত তিনজন গ্রেফতার প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ গত ২৮ অক্টোবর ২০২৩ দিবাগত রাত ডেমরায় অছিম পরিবহনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার ও উক্ত ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। গ্রেফতারকৃতদের নাম-ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাহেদ আহমেদ এবং বিএনপি কর্মী ও মনির মুন্সির ব্যক্তিগত ড্রাইভার মাহাবুবুর রহমান সোহাগ। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি রাজধানীর পল্টন এলাকায় নারকীয় তাণ্ডব পরিচালনা করে। বিএনপির নেতা-কর্মীরা সেদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার মত জঘন্য কাজসহ অসংখ্য গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারই ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৯ অক্টোবর ভোরে ডেমরার দেইল্লা বাস স্ট্যান্ডে রাখা অছিম পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। তাদের দেয়া আগুনে ঐ বাসে ঘুমিয়ে থাকা হেলপার মোঃ নাইম ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় এবং অপর হেলপার মোঃ রবিউল অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয়। এ সংক্রান্তে ২০২৩ সালের ২৯ অক্টোবর ডেমরা থানায় একটি মামলা রুজু হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর মামলাটি হস্তান্তর করা হয় সিটিটিসি’তে। মামলাটি তদন্ত শুরু করে সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। SHARES জাতীয় বিষয়: অভিযুক্তডেমরা