চাঁদাবাজির অভিযোগে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা গ্রেফতার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে কারাসাজি এবং গুজব ছড়ানো চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. আমির হোসাইন ওরফে নুর নুরানী (৩৭), নুরুল হক হারুন (৫২) এবং আব্দুল কাইয়ুম (৩৯)।

গ্রেফতারদের মধ্যে নুর নুরানীর বিরুদ্ধে বিস্ফোরক দমন ও বিশেষ ক্ষমতা আইনে ১১টি মামলা আছে। হারুনের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে, শুক্রবার (২৬ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলাম, পিপিএমের (বার) নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ, পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত চক্রের তিনজন আসামি গ্রেফতার করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেফতারদের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ কাজ শুরু করেছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সংশ্লিষ্ট ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে। এছাড়া তারা আরও বেশ কয়েকজনের নাম জিজ্ঞাসাবাদে বলেছে, যারা পেছন থেকে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করে থাকে। আশা করছি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা। দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী তাদের সর্বস্ব নিয়ে এসে বিনিয়োগ করে থাকেন। অল্পতেই এখানে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা অনেক থাকে।