সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ ঢাকাসহ সারাদেশের গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও রিপন বাড়ৈই জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ঢাকার দুই সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। সোমবার (৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সাম্প্রতিককালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। রিট আবেদনে বলা হয়েছে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে এবং সম্প্রতিকালে তাপমাত্রা বাড়ার কারণে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে, যার কারণে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বন্ধমিডিয়ায়রিট